Uncategorized

কামরাঙ্গীরচরে পুলিশের লুণ্ঠিত ২৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার

  adminmukto ১৭ নভেম্বর ২০২৬ , ১১:১৮ এএম প্রিন্ট সংস্করণ

** এসআরবি-১০-এর অভিযানে খালপাড়ের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় মিলল কার্তুজ।

তারেক ইসলাম: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে পুলিশের লুণ্ঠিত ২৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। গতকাল ১৬ নভেম্বর রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন মধু সিটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা যায়, লালবাগ ক্যাম্পের সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মধু সিটি আবাসিক এলাকার মেটাডোর হোস্টেল রোডসংলগ্ন খালপাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় খালপাড়ের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পাওয়া যায়।

উদ্ধার করা কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলা, অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এরপর থেকে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এসআরবি-১০ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।