Uncategorized

ফুটবল টুর্নামেন্ট শেষে ফেরার পথে ১০ বছরের শিশু রিফাতসহ তিন ভাইকে মারধরের অভিযোগ।

  adminmukto ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৬:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

এম এইচ তোহা: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে এক পরিবারের তিন সন্তান ও তাদের এক স্বজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ বছর বয়সী শিশু রিফাতের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং মাথার এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা মো. সোহেল দেওয়ান (৫০) লৌহজং থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বৌলতলী ইউনিয়নের বৌলতলী সাকিনস্থ বৌলতলী চৌরাস্তা এলাকায় স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে সোহেল দেওয়ানের তিন ছেলে সিয়ামত (১৭), সিয়াম (১৯) ও রিফাত (১০) বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তাদের পথরোধ করে কাঠের ডাসা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের একজনের হাতে থাকা লোহার রিং দিয়ে শিশু রিফাতের মাথায় আঘাত করা হয়। এতে তার মাথায় কাটা জখম হয়। এ সময় পরিবারের সদস্যদের এক প্রতিবেশী নাতি জিসান (২১) এগিয়ে এলে তাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ রয়েছে ।

পরিবারের দাবি, হামলার পর ভুক্তভোগীদের আশপাশের লোকজন উদ্ধার করে। পরে শিশু রিফাতকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন। চিকিৎসার কাগজে physical assault উল্লেখ করে মাথার X-ray skull করার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগকারী আরও জানান, হামলার পর অভিযুক্তরা ভবিষ্যতে আবারও ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে ১০/১২ জনের বিরুদ্ধে হামলা, মারধর ও হুমকির অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখনো বিস্তারিত জানা যায়নি। শিশু রিফাতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।