adminmukto ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৪৬ পিএম প্রিন্ট সংস্করণ

**ব্যানার ছেঁড়ার নেপথ্যে কার নির্দেশ?

**সোনালী ব্যাংকে ‘এমডির আদেশ’ নিয়ে তোলপাড় ২৪ ঘণ্টার আগেই বিএনপির ব্যানার উধাও!
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে এসব ব্যানার সরানো হলো এবং কে দিল ব্যানার ছিঁড়ে ফেলার অনুমতি?
ঘটনার সঙ্গে ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল কুদ্দুসের নাম জড়িয়ে অভিযোগ উঠলেও তিনি দায় অস্বীকার করেছেন। তবে তার বক্তব্যেই বেরিয়ে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। তিনি জানিয়েছেন, “এমডি স্যারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অর্থাৎ ব্যানার অপসারণের ঘটনায় যদি তার বক্তব্য সঠিক হয়, তাহলে প্রশ্নের তীর এখন সরাসরি ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার পরিচালক এমডি শওকত আলী দিকে।
২৪ ঘণ্টাও টিকল না ব্যানার?
সংশ্লিষ্টদের দাবি, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিয়া পরিষদ, সিবিএ এবং জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি ব্যানার টাঙানো হয়।
অভিযোগকারীদের ভাষ্য, অতীতে বিভিন্ন সংগঠনের ব্যানার কয়েক দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত থাকার নজির থাকলেও এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই খুলে ফেলা হয়।
শুধু অপসারণ নয়, কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আর সেখানেই তৈরি হয়েছে মূল বিতর্ক।
কারণ এসব ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‘এমডির নির্দেশ’ জিএমের বক্তব্যেই নতুন প্রশ্ন?
অভিযোগের বিষয়ে জিএম আব্দুল কুদ্দুস বলেন, ব্যানার সরানোর সিদ্ধান্ত তিনি এককভাবে নেননি।
তার বক্তব্য অনুযায়ী, ব্যাংকের এমডি মোঃ শওকত আলী নির্দেশেই ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে ।
কিন্তু এখানেই প্রশ্ন পরিচ্ছন্নতা বা নির্মাণকাজের প্রয়োজনে ব্যানার সরানো হলে সেগুলো ছিঁড়ে ফেলা হলো কেন?
আর যদি সব সংগঠনের ব্যানারই সরানোর নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে সেই নির্দেশ কি লিখিত ছিল? কোন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছিল? অপসারণের আগে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে জানানো হয়েছিল কি না এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি।
ব্যানার নয়, রাজনৈতিক বার্তা?
ব্যাংক সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, ঘটনাটি শুধুই পরিচ্ছন্নতা অভিযান নয়; এর পেছনে রাজনৈতিক মনোভাব কাজ করেছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
অভিযোগকারীদের কেউ কেউ দাবি করেছেন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী, জিএম আব্দুল কুদ্দুস অতীতে আওয়ামীপন্থি বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে বক্তব্য ও কর্মসূচির ছবি রয়েছে বলেও তারা দাবি করেন।
তাদের অভিযোগ, অতীতের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বিরূপ মনোভাব থেকেই ব্যানার অপসারণে এমন কঠোরতা দেখানো হয়ে থাকতে পারে।
ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যানার অপসারণের নির্দেশ থাকলেও ছিঁড়ে ফেলার নির্দেশ ব্যবস্থাপনা পরিচালক এমডি মোঃ শওকত আলী দিয়েছিলেন?
ব্যাংকের প্রধান কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলে এ প্রশ্নের উত্তর মিলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কার নির্দেশে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন, কে ব্যানার খুলেছেন, কে ছিঁড়েছেন এবং পুরো প্রক্রিয়াটি কার তত্ত্বাবধানে হয়েছে সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট দপ্তরের নথিই দিতে পারে তার উত্তর।
রাষ্ট্রীয় ব্যাংকে রাজনৈতিক বিভাজনের ছায়া?
আর ব্যানারে রাজনৈতিক নেতাদের ছবি থাকার কারণে তা ছিঁড়ে ফেলার অভিযোগ ঘটনাটিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
জুলাই-আগস্টের গণআন্দোলনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিরপেক্ষতা, প্রশাসনিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নিয়ে যখন নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে, তখন রাষ্ট্রীয় একটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এমন অভিযোগ ওঠা নিঃসন্দেহে অস্বস্তিকর।
এখন সবচেয়ে বড় প্রশ্নগুলো?
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে ব্যাংক কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে।
**ব্যানার অপসারণের লিখিত নির্দেশ ছিল কি?
**নির্দেশটি কে দিয়েছেন?
**সব রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানার একসঙ্গে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি?
**ব্যানারগুলো খোলার পর সংরক্ষণ না করে ছিঁড়ে ফেলা হলো কেন?
**সিসিটিভি ফুটেজে কারা ব্যানার অপসারণে অংশ নিয়েছেন?
**জিএম আব্দুল কুদ্দুসের বক্তব্য অনুযায়ী ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডির নির্দেশের কোনো নথি আছে কি?
**ইঞ্জিনিয়ারিং বিভাগকে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছিল?
**ঘটনাটি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কোনো তদন্ত করেছে কি না?
**তদন্ত হলেই বেরিয়ে আসবে আসল রহস্য?
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি, বিষয়টি ধামাচাপা না দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত। সিসিটিভি ফুটেজ, লিখিত বা মৌখিক নির্দেশের তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবানবন্দি নেওয়া হলে অভিযোগের সত্যতা সহজেই যাচাই করা সম্ভব।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জিএম যদি সত্যিই এমডির নির্দেশ বাস্তবায়ন করে থাকেন, তাহলে সেই নির্দেশের দায় কোথায় গিয়ে ঠেকে? আর যদি এমডির কোনো নির্দেশ না থাকে, তাহলে কার নির্দেশে রাষ্ট্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছেঁড়া হলো?
এই দুই প্রশ্নের উত্তরই এখন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কাছে সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।
অভিযোগের বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। ততক্ষণ পর্যন্ত ‘এমডির নির্দেশে ব্যানার ছেঁড়া’ এটি জিএম আব্দুল কুদ্দুসের বক্তব্য হিসেবে থাকছে, গুরুত্বপূর্ণ বক্তব্য চোখ রাখুন।











