adminmukto ২৬ অগাস্ট ২০২৬ , ৮:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক,মোঃ ওয়াসিম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দলের কাউন্সিলের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে। জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও শোককে ধারণ করে বিএনপি এগিয়ে যাচ্ছে। নানা নিপীড়ন ও অত্যাচারের মুখেও দলটি তার অবস্থান থেকে সরে যায়নি এবং আত্মসমর্পণ করেনি।
এদিকে শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, বিষয়টি বিএনপির নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত এসব কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।











