adminmukto ২৫ অগাস্ট ২০২৬ , ৭:০৮ পিএম প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক মোঃ ওয়াসিম: রোহিঙ্গা সংকট সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তৎকালীন সরকার আন্তর্জাতিক মহলকে কার্যকরভাবে সম্পৃক্ত করে কাজ করতে পারলে চার-পাঁচ বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানের পথে অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতার ঘাটতির কারণে তা সম্ভব হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে রোহিঙ্গা সংকট আরও জটিল আকার ধারণ করেছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির উপস্থিতি এবং সেখানে থাকা বিভিন্ন পক্ষের ভূমিকার কারণে পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে উঠেছে। এর প্রভাব বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার ওপরও পড়ছে।
রোহিঙ্গাদের বর্তমান সংখ্যা নিয়েও অনিশ্চয়তা রয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, প্রতিদিনই কমবেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। পাশাপাশি রাখাইন অঞ্চলে প্রতি বছর গড়ে প্রায় ৩০ হাজার শিশু জন্মগ্রহণ করছে। ফলে বর্তমানে রোহিঙ্গার সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। তবে মোট সংখ্যা ১৩ লাখের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যের সংশ্লিষ্ট পক্ষগুলোর পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রেখেছে। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আগের সরকারের করা সমঝোতা স্মারক (এমওইউ) প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি এমওইউ করা হয়েছে। তবে ওই সমঝোতা থেকে বেরিয়ে এলেই সংকটের সমাধান হবে এমনটা তিনি মনে করেন না।
শামা ওবায়েদ বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথ তৈরি করতে হবে।











