অপরাধ দূর্ণীতি

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

  adminmukto ১৩ অগাস্ট ২০২৬ , ৬:১৫ পিএম প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৪ আগস্ট (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন ১৫ আগস্ট (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ আগস্ট (বুধবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।

দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মুঃ মাহবুবুর রহমান, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিশিষ্ট বায়তুল মোকাররম ও লালবাগ শাহী মসজিদের ইমাম-খতিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।