adminmukto ১২ নভেম্বর ২০২৬ , ৮:০৩ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৫৪ পিস ইয়াবাসহ মোঃ সিজান কাজী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন শিকারীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসআরবি-১০ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। অভিযানকালে ৩ হাজার ৫৪ পিস ইয়াবাসহ সিজান কাজীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ লাখ ৪৪ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সিজান কাজী নবাবগঞ্জের শিকারীপাড়া এলাকার আইয়ুব আলী কাজীর ছেলে। এসআরবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এসআরবি জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসআরবি-১০-এর এ অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।











