Uncategorized

সোনালী ব্যাংকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছেঁড়া নিয়ে তোলপাড়

  adminmukto ৩ সেপ্টেম্বর ২০২৬ , ১০:২০ পিএম প্রিন্ট সংস্করণ

**কার নির্দেশে খুলল ব্যানার? এমডির নাম বললেন জিএম, তদন্তের দাবি কর্মকর্তা-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে। ৫ আগস্টের গণআন্দোলনে নিহতদের স্মৃতি ও আত্মত্যাগ নিয়ে যখন দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ঘটনাটি নিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রধান কার্যালয়ের বাইরের দেয়ালে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেগুলো খুলে ছিঁড়ে ফেলা হয়।

সংশ্লিষ্টদের অভিযোগ, অন্যান্য সংগঠনের ব্যানার যেখানে কয়েক দিন, এমনকি এক সপ্তাহ পর্যন্ত থাকার নজির রয়েছে, সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার দ্রুত ছিড়ে সরিয়ে ফেলার ঘটনায় প্রশ্ন উঠেছে কেন এত তাড়াহুড়া? কার নির্দেশে? এবং কেন ব্যানারগুলো শুধু খুলে না নিয়ে ছিঁড়ে ফেলা হলো?

অভিযোগের তীর জিএমের দিকে?

অভিযোগ রয়েছে, সোনালী ব্যাংকের এস্টেট ম্যানেজমেন্ট ডিভিশনের জিএম আব্দুল কুদ্দুসের নির্দেশে কয়েকজন কর্মী ব্যানারগুলো অপসারণ করেন। অভিযোগে আলামিন শেখ বাবুল, শামসুদ্দিন, বশির ও হাকিমসহ আরও কয়েকজনের নাম এসেছে।

তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের প্রত্যেকের বক্তব্য স্বতন্ত্রভাবে যাচাই করা প্রয়োজন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং সংশ্লিষ্ট দপ্তরের লিখিত বা মৌখিক নির্দেশনা যাচাই করলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হতে পারে।

‘এমডির নির্দেশেই সিদ্ধান্ত’ জিএম?

এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জিএম আব্দুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যানার অপসারণের সিদ্ধান্ত তিনি এককভাবে নেননি। তার দাবি, এমডির নির্দেশেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সোনালী ব্যাংক জিয়া পরিষদ, সিবিএ ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ব্যানারসহ সব ব্যানার একসঙ্গে খুলে ফেলা হয়েছে এবং পরিচ্ছন্নতা ও নির্মাণকাজের স্বার্থে ইঞ্জিনিয়ারিং বিভাগ নির্দেশনাটি বাস্তবায়ন করেছে।

এই বক্তব্যের পরই তদন্তের দাবি আরও জোরালো হয়েছে। কারণ প্রশ্ন উঠেছে যদি সব সংগঠনের ব্যানার একই সিদ্ধান্তে অপসারণ করা হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তের লিখিত নির্দেশনা কোথায়? কে নির্দেশ দিয়েছেন? কখন দিয়েছেন? এবং ব্যানার অপসারণের পরিবর্তে সেগুলো ছিঁড়ে ফেলার নির্দেশ বা অনুমোদন কে দিয়েছেন?

ছবিসহ ব্যানার ছেঁড়ার অভিযোগ?

অভিযোগকারীদের দাবি, ছিঁড়ে ফেলা ব্যানারগুলোর কয়েকটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল, এবং প্রধানমন্ত্রী কারা মুক্ত দিবসের ছবি একসঙ্গে ছিল, ফলে ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে তারা রাজনৈতিকভাবে সংবেদনশীল ও অবমাননা কর হিসেবে দেখছেন।

তবে কোনো রাজনৈতিক ব্যক্তির ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে আলোচনা সমালোচনা চলছে,এটাই এখন মূল অনুসন্ধানের বিষয়।

সিসিটিভি ফুটেজেই মিলতে পারে উত্তর?

ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে এবং সংশ্লিষ্ট স্থানে সিসিটিভি ক্যামেরা থাকলে ১ সেপ্টেম্বর থেকে ব্যানার অপসারণের সময় পর্যন্ত ফুটেজ সংরক্ষণ করে তদন্ত করা যেতে পারে।

কারা ব্যানার খুলেছেন, কার নির্দেশে খুলেছেন, ব্যানার খুলে কোথায় নেওয়া হয়েছে এবং সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে কি না এসব প্রশ্নের উত্তর সিসিটিভি ফুটেজেই অনেকটা পরিষ্কার হতে পারে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং, এস্টেট ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের লিখিত বক্তব্য নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

‘নির্দেশের উৎস’ নিয়েই বড় প্রশ্ন।

ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন জিএম বলেন এমডির নির্দেশে ব্যানার অপসারণ করা হয়েছে,

সোনালী ব্যাংকের অফিসিয়াল তথ্যেও ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানকে উল্লেখ করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের তদন্তের দাবি?

ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ বলছেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাংকের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এদিকে ৩ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জিএম আব্দুল কুদ্দুসের বক্তব্য পাওয়া গেলেও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বা সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এখন প্রশ্ন একটাই ব্যানারগুলো কেন সরানো হলো, কার নির্দেশে সরানো হলো এবং সরানোর পর কেন সেগুলো ছিঁড়ে ফেলা হলো?

এই তিন প্রশ্নের উত্তর বের করতে নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের লিখিত বক্তব্যই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ।