adminmukto ৬ অক্টোবর ২০২৬ , ৬:৩০ পিএম প্রিন্ট সংস্করণ

**এসআরবি-১০-এর পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার।

তারেক ইসলাম:ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড তাজা গুলি, ২টি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে কোতয়ালী থানাধীন উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদকবিরোধী অভিযান চালায় এসআরবি-১০। অভিযান টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে গেলেও ভবনটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এরপর সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে চরকমলাপুর এলাকার সাফায়েত আহমেদকে আটক করা হয়।
এসআরবি-১০ জানায়, সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর তল্লাশি করে ২টি ককটেল, একটি খেলনা রিভলবার, চাইনিজ কুড়াল, রামদা, ছুরি, সুইচ গিয়ার, ওয়াকিটকি, ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা, সেনাবাহিনীর ২টি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ এবং সেনাবাহিনীর একটি কোমরবন্ধনী উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, সাফায়েত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তিনি ফরিদপুর কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার সাফায়েত আহমেদ ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
এসআরবি-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।










