Uncategorized

মহানবী (সা.)-এর বিদায় হজের শিক্ষা মানবতার জন্য আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

  adminmukto ২৫ অগাস্ট ২০২৬ , ৭:১২ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও পারস্পরিক অধিকারের যে শিক্ষা রয়েছে, তা বর্তমান বিশ্বেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদে-মিলাদুন্নবী (সা.)-১৪৪৮ হিজরি উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যাচার ও নৈতিক অবক্ষয় বাড়ছে। এসব সংকট থেকে উত্তরণে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে এগিয়ে নিতে পারে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন পুনরায় ফিরে না আসে, সে জন্য শান্তি, ন্যায়, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাইকে গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।

রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.)-এর জীবন বিশ্বমানবতার জন্য একটি চিরন্তন আদর্শ। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, সহনশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। বিশেষ করে দরিদ্র, এতিম, অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি তাঁর মমত্ববোধ মানবতার জন্য অনুকরণীয়।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.) বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা বাংলাদেশের জাতীয় জীবনে বিশেষভাবে অনুসরণযোগ্য।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের অন্যতম ভিত্তি।

দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদানকারীদের কল্যাণ প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারীদের সম্মানী ভাতা দেওয়ার কাজও শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ২০৩০ সালের আগেই দেশের সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়কে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা সম্ভব হবে।

রাষ্ট্রপতি সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ, গুজব, হিংসা, নারী ও শিশু নির্যাতন এবং অসহিষ্ণুতা দূর করতে আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইসলামের প্রকৃত শিক্ষা এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে ধর্মীয় ও ইসলামী সংস্কৃতির বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরে রাষ্ট্রপতি ঈদে-মিলাদুন্নবী (সা.)-১৪৪৮ হিজরি উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি সিরাত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক রাষ্ট্রপতিকে শুভেচ্ছা স্মারক হিসেবে ‘আল কুরআনুল করিম এনসাইক্লোপিডিয়া’র একটি সেট উপহার দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

আরও খবর: