adminmukto ১৬ অগাস্ট ২০২৬ , ৭:০৮ পিএম প্রিন্ট সংস্করণ

ফরিদপুর প্রতিনিধি: বিদেশে পাঠানোর প্রলোভনে টাকা নেওয়ার পর অপহরণ করে মুক্তিপণ দাবি। পরিবারের পক্ষ থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা পরিশোধের পরও মুক্তি দেওয়া হয়নি। বরং পায়ে শিকল ও তালা দিয়ে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয় নিলয় শিকদার (৩৫) নামের এক যুবককে। অবশেষে নয় দিন পর ফরিদপুর থেকে তাকে জীবিত উদ্ধার করেছে র্যাব-১০।

এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে ফরিদপুর কোতোয়ালি থানাধীন চরকমলাপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে নিলয়কে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুরের কোতোয়ালি এলাকার রঘুনন্দনপুরের ফেরদৌস উর রহমান (৪২), গোয়ালচামটের মহুয়া আহমেদ (৩২) এবং মুন্সীডাঙ্গীর এস এম মনোয়ার (৩৬)।
র্যাব জানায়, যশোরের জিকরগাছা থানার মহেষপাড়া এলাকার বাসিন্দা নিলয় শিকদারকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে কয়েক দফায় পাসপোর্টসহ ৫ লাখ টাকা নেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ার পর গত ৬ আগস্ট তাকে অপহরণ করা হয়।
অপহরণের পর নিলয়ের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবার বিভিন্ন বিকাশ নম্বরে মোট ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। তবে টাকা পাওয়ার পরও নিলয়কে মুক্তি না দিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অপহরণের পর নিলয়কে একটি কক্ষে আটকে রেখে পায়ে শিকল পরিয়ে গ্রিলের সঙ্গে তালাবদ্ধ করে রাখা হয়। তাকে মারধর করা হতো এবং দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হতো বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের সময় চিৎকার যাতে বাইরে শোনা না যায়, সেজন্য উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হতো বলেও জানিয়েছে র্যাব।
এ ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল চরকমলাপুরের ওই আবাসিক ভবনে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় নিলয়কে উদ্ধার করে। এ সময় অপহরণ চক্রের মূলহোতা ফেরদৌস উর রহমান ও মহুয়া আহমেদকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন মুন্সীডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এস এম মনোয়ারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে বৈধ ও নির্ভরযোগ্য মাধ্যমে যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি এ ধরনের প্রতারণা, অপহরণ ও মানব পাচারের তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।











