Uncategorized

পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ।

  adminmukto ২৯ অগাস্ট ২০২৬ , ৬:৪৮ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর পল্লবী বিহারি ক্যাম্পে পানির পাম্প স্থাপনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রূপ নেয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা নির্মাণের কাজ চলছিল। ওই স্থাপনায় পানির পাম্প বসানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে গড়ায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি পক্ষ এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের অপর একটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সংঘর্ষ চলাকালে প্রায় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। একই সময়ে ককটেল নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে। এতে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে ওসি হাসান বাসির বলেন, পানির পাম্প বসানোকে কেন্দ্র করেই মূল বিরোধের সূত্রপাত। শুরুতে বিষয়টি বিহারিদের মধ্যকার বিরোধ হলেও পরে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তবে আহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তবে পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।