অপরাধ দূর্ণীতি

নবম পে স্কেল বাস্তবায়নে এবার উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী

  adminmukto ১৩ অগাস্ট ২০২৬ , ১০:০৩ এএম প্রিন্ট সংস্করণ

বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সরকার সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করাই হবে কমিটির প্রধান দায়িত্ব। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা শিগগিরই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর আর্থিক প্রভাব। বেতন বাড়ালে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে, একই সঙ্গে মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে। এ কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে।

তবে সরকার পুরো বিষয়টি স্থগিত না রেখে আর্থিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের উপায় খুঁজছে। প্রয়োজনে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

 

আরও খবর:

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযান: অস্ত্র-গুলি ও ধারালো ছোরাসহ ডাকাত রফিক বাহিনীর সদস্য গ্রেফতার।

দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ধরা ছোঁয়ার বাইরে প্রাক্কলনিক আনোয়ার হোসেন সিকদার

দুর্গাপূজায় ১,৮৪১ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে এসআরবি-১০-এর বিশেষ টিম।

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

সোনালী ব্যাংকের এমডির নির্দেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে: জিএম আব্দুল কুদ্দুস।

ডিবি পরিচয়ে অপহরণ, মারধর ও হত্যার অভিযোগ: বোয়ালমারীর হত্যা মামলার আসামি ঝিনাইদহ থেকে গ্রেফতার।