adminmukto ১ অক্টোবর ২০২৬ , ৯:৩৩ পিএম প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক, ঢাকা:অনিক ইসলাম: পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিটফোর্ড মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি) উচ্ছেদ চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন কলোনির বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে মিটফোর্ড মিনিয়ালস কোয়ার্টার এলাকায় ‘মিটফোর্ড কলোনি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, মিটফোর্ড হাসপাতালের কার্যক্রম শুরুর সময় থেকেই তাদের পূর্বপুরুষদের একটি অংশ হাসপাতালের পরিচ্ছন্নতা কাজে যুক্ত ছিলেন। হাসপাতালের বিভিন্ন কাজের মালামাল রাখা ও কর্মীদের প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য যে শেডগুলো নির্মাণ করা হয়েছিল, পরবর্তীতে সেগুলোই মিটফোর্ড মিনিয়ালস কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে তাদের দাবি।
আন্দোলনকারীদের দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় ১৬৮ বছর ধরে এই এলাকায় পরিচ্ছন্নতা পেশার সঙ্গে যুক্ত বিশেষ জনগোষ্ঠীর পরিবারগুলো বসবাস করে আসছে। তাদের অনেকের জন্ম ও বেড়ে ওঠা এই কোয়ার্টারেই। দীর্ঘদিনের এই আবাসস্থল তাদের কাছে শুধু থাকার জায়গা নয়, বরং পরিবার ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য।
তাদের অভিযোগ, সম্প্রতি মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোয়ার্টারটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায় নেবে না—এমন বিষয় উল্লেখ করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়।
বাসিন্দারা প্রশ্ন তুলে বলেন, দীর্ঘদিন ধরে এখানে বসবাসরত পরিবারগুলোর পুনর্বাসন বা ভবিষ্যৎ আবাসনের বিষয়ে স্পষ্ট কোনো ব্যবস্থা না করে তাদের কোথায় যেতে হবে—তা জানানো হচ্ছে না। এতে শত শত পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, তারা মিটফোর্ড হাসপাতালের উন্নয়ন বা সম্প্রসারণের বিরোধী নন। হাসপাতালের উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হোক—এটাই তাদের প্রত্যাশা। তবে উন্নয়নের নামে দীর্ঘদিনের বসতবাড়ি উচ্ছেদ করে পরিবারগুলোকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া মেনে নেওয়া হবে না বলে তারা জানান।
উচ্ছেদ নোটিশ বাতিলের দাবি
মানববন্ধন থেকে অবিলম্বে উচ্ছেদ নোটিশ বাতিল করে মিটফোর্ড মিনিয়ালস সুইপার কলোনিকে বাসযোগ্য ও নিরাপদ আবাসন হিসেবে রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোর নিরাপত্তা ও ভবিষ্যৎ আবাসনের নিশ্চয়তা দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।
তাদের আরও দাবি, যদি কোনো কারণে বর্তমান স্থানে থাকা সম্ভব না হয়, তাহলে উচ্ছেদের আগে প্রত্যেক পরিবারকে যথাযথ পুনর্বাসন ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।











