Uncategorized

ডিবি পরিচয়ে অপহরণ, মারধর ও হত্যার অভিযোগ: বোয়ালমারীর হত্যা মামলার আসামি ঝিনাইদহ থেকে গ্রেফতার।

  adminmukto ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩৩ এএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: ফরিদপুরের বোয়ালমারীতে দায়ের করা হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মোঃ মাসুদুর রহমান মাসুদ (৪০)-কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম (৩৫) ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মোঃ হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এনার্জি পাম্পের পাশে একটি ভাতের হোটেলে খাবার খাচ্ছিলেন। খাবার শেষে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে আসা আনুমানিক ৭-৮ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় বলে মামলার তদন্তে জানা যায়। একপর্যায়ে পিকআপচালক মোঃ হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

এসআরবি জানায়, প্রাথমিক অনুসন্ধানে ইব্রাহীমকে অপহরণ, মারধর ও নগদ টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর হত্যার তথ্য পাওয়া যায়। পরে লাশ গুমের উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বনচাকী-রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোঃ ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এবং এসআরবি-৬-এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে ঝিনাইদহ সদর থানাধীন পোড়াহাটি এলাকা থেকে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মোঃ মাসুদুর রহমান মাসুদ (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর থানার গালিমপুর এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।