adminmukto ২২ অগাস্ট ২০২৬ , ৮:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম: রাজধানীর সূত্রাপুরে মোটর পার্টসের একটি দোকানে অস্ত্র রেখে পুলিশি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮), হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) এবং সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল আসামি গ্রেফতারের উদ্দেশ্যে সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন নাজিম উদ্দিন বারো ভূঁইয়া মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন।
অভিযান শেষে পুলিশ সদস্যরা ‘ভূঁইয়া মোটরস’ নামের একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দোকানের ভেতরে দুটি কার্টন রেখে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি দোকানের কর্মচারীরা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে কার্টন দুটি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের মিতসুবিশি পাজেরো গাড়িও জব্দ করা হয়েছে। পরবর্তীতে ধারাবাহিক অভিযান চালিয়ে বুধবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামের অপর একটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ‘ভূঁইয়া মোটরস’ দোকানে রেখে যায়। মূলত সাদা রঙের একটি মিতসুবিশি পাজেরো গাড়ি থেকে অস্ত্রভর্তি কার্টন দুটি আনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানো এবং পুলিশি হয়রানির মুখে ফেলতেই এই সাজানো তল্লাশির পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
তবে পুলিশের সময়োপযোগী ও পেশাদার ভূমিকার কারণে পরিকল্পনাটি সফল হওয়ার আগেই নস্যাৎ হয়ে যায়।
এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি এবং জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











