adminmukto ১৭ অগাস্ট ২০২৬ , ৮:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক, মোঃ ওয়াসিম: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও শ্রমবাজার অংশীদার। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো এবং ধর্মীয় পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরের আমন্ত্রণকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরের সম্ভাব্য তারিখ ও কর্মসূচি পরবর্তী সময়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হতে পারে।











