adminmukto ২০ অক্টোবর ২০২৬ , ৭:৩৬ পিএম প্রিন্ট সংস্করণ

তারেক ইসলাম : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এসআরবি-১০। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দায়িত্বপূর্ণ এলাকার প্রায় ১ হাজার ৮৪১টি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান। এ সময় তিনি সাংবাদিক ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তাবিষয়ক মতবিনিময় করেন।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে দায়িত্বপূর্ণ এলাকায় বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ১৫টি পিকআপ পেট্রোল টিম, ২৮টি মোটরসাইকেল টহল দল এবং সাদাপোশাকে সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রশিক্ষিত কমান্ডো, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন টিমের মাধ্যমে এলাকাভিত্তিক নজরদারি চালানো হচ্ছে।
পূজামণ্ডপের আশপাশে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর নজরদারি রাখা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষেও নৌ টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুজব ও সাম্প্রদায়িক উসকানি ঠেকাতে সাইবার নজরদারি
সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি চিহ্নিত করতে এসআরবি-১০-এর গোয়েন্দা শাখা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উসকানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তা
শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, দর্শনার্থীদের সেবায়ও বিশেষ উদ্যোগ নিয়েছে এসআরবি-১০। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে জরুরি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। সদস্যরা নিয়মিত মণ্ডপ পরিদর্শন করে দর্শনার্থীদের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিচ্ছেন।
এ ছাড়া যানজট ও অতিরিক্ত জনসমাগমের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে সংস্থাটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল টিমও প্রস্তুত রাখা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১০ মনে করে, ধর্মীয় উৎসব বাংলাদেশের বহুধর্মীয় সমাজের ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। তাই সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনে সংস্থাটির সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রেস বিজ্ঞপ্তিতে পূজামণ্ডপে আগত দর্শনার্থী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দময় হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে এসআরবি-১০।











