Uncategorized

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

  adminmukto ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৫৬ পিএম প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক, অনিক ইসলাম: সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশেষ করে অপরাধ বিষয়ক সাংবাদিকরা নানা ঝুঁকি ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা প্রয়োজন

ক্রাইম রিপোর্টিংয়ের ঝুঁকির কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অপরাধ বিষয়ক সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের চড়া মূল্য দিতে হয়। বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার জন্য এখনো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমি সম্প্রতি এই দায়িত্ব গ্রহণ করেছি। কতখানি পালন করতে পারবো জানি না, তবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই আমাদের কাজ করতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশে আন্দালিভ রহমান বলেন, ‘যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ বলে আপনাদের সমস্যাগুলো আমি সহজেই উপলব্ধি করি।’

পুরোনো ব্যবস্থাকে সংস্কার করা বড় চ্যালেঞ্জ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর ও সংস্থার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানই তার কাছে গুরুত্বপূর্ণ এবং সবগুলোর প্রতিই তার দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে একটি ব্যবস্থা যেভাবে দুর্নীতি হয়েছে, সেখান থেকে সবকিছুকে পুনরায় সঠিক ধারায় ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ।’

পুরোনো ব্যবস্থা সংস্কারের উদাহরণ দিয়ে আন্দালিভ রহমান বলেন, ‘একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণ করা সহজ। কিন্তু পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে দাঁড় করানো অনেক বেশি কঠিন কাজ।’

সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস

সাংবাদিকদের যেকোনো যুক্তিসংগত প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘যখনই প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই মিলে সমস্যার সমাধান করবো। সরকার আপনাদের পাশে আছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।