নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মিতুল ইসলাম (১৮) নামে এক গার্মেন্টসকর্মীকে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কাপড় কাটার একটি কাঁচিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ ও মামলার প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক সেবন নিয়ে বিরোধের একপর্যায়ে মিতুলকে মার্কেটের ১৪ তলা ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে ধারালো কাঁচি ও কাটার দিয়ে আঘাত করা হয়। এতে মিতুলের বুক, পিঠ, বাম পায়ের উরু ও ডান পায়ের রানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
রক্তাক্ত অবস্থায় মিতুলকে উদ্ধার করে মার্কেটের লোকজন রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড)-এ নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে। এসব তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার হন মো. রাহিম আহাম্মেদ রাফি (১৯), মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কাপড় কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত ও সিসিটিভি ফুটেজ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্টরা বলছেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের ভূমিকা, হত্যার সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মামলার অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ হবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায়।
সম্পাদক, আব্দুল্লাহ বিন মাসুদ, সহকারী সম্পাদক মোঃ তারেক ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ ওয়াসিম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪০ নং হেমন্ত দাস রোড সূত্রাপুর ঢাকা ১১০০ ফোন: +880 1839-799944 ইমেল : _mukto.bhasa1@gmail.com</p>
Copyright © 2026 দৈনিক মুক্ত ভাষা. All rights reserved.