তারেক ইসলাম:রাজধানীর যানজট ও সড়কে বিশৃঙ্খলা কমাতে রিকশা, বিশেষ করে ব্যাটারিচালিত রিকশাকে নিয়ন্ত্রণে আনতে নতুন ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার আওতায় রিকশার নিবন্ধন, চালকদের লাইসেন্স এবং অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা চালুর কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, ঢাকার বিভিন্ন এলাকাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট এলাকার রিকশা নির্ধারিত এলাকার মধ্যেই চলাচলের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সড়কে রিকশা চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
ডিএসসিসি প্রশাসকের ভাষ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা অনেক ক্ষেত্রে ট্রাফিক আইন ও নির্ধারিত চলাচলব্যবস্থা না মেনে চলাচল করছে। উল্টো পথে চলাচল, যত্রতত্র থামানো এবং অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন এলাকায় প্রবেশের কারণে যানজট ও সড়কে বিশৃঙ্খলা বাড়ছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রিকশাকে একটি নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে নিবন্ধনের পাশাপাশি লাইসেন্সবিহীন রিকশা চলাচল বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন আব্দুস সালাম।
তিনি বলেন, একটি নির্দিষ্ট এলাকার রিকশা অন্য এলাকায় গিয়ে যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে না পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা করা হবে। উদাহরণ হিসেবে তিনি ডেমরা এলাকার রিকশার কথা উল্লেখ করে বলেন, নির্ধারিত ব্যবস্থার বাইরে ডেমরার রিকশা নিউ মার্কেট এলাকায় যাওয়ার সুযোগ থাকবে না।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার রিকশা চলাচল নিয়েও পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হতে পারে। রাজধানীর বাইরে থেকে এসে অনিবন্ধিতভাবে রিকশা চালানোর প্রবণতাও নিয়ন্ত্রণের আওতায় আনার কথা বলা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশা ব্যবস্থাপনার বিষয়টি বাস্তবায়নে সময় প্রয়োজন হবে। এ জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, শুধু রিকশা নয়, রাজধানীর বাস চলাচলেও শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। যত্রতত্র বাস থামানো এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা বন্ধে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সময়ও দেওয়া হয়েছে।
ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়েছে, নগরীর পরিবহন ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনতে পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। কয়েক মাসের মধ্যে এর দৃশ্যমান প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে দেশের বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশা ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরির উদ্যোগের কথাও জানানো হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং সংশোধিত আইনের আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
প্রস্তাবিত নীতিমালায় লাইসেন্স ও নিবন্ধন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মতান্ত্রিকভাবে রিকশা ও ই-রিকশার নিবন্ধন এবং লাইসেন্সিং চালু হলে যান চলাচলে শৃঙ্খলা আনার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
এ লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করার পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশা ব্যবস্থাপনার জন্য সমন্বিত লাইসেন্সিং কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
নগর পরিবহন বিশেষজ্ঞদের মতে, রিকশা নিয়ন্ত্রণে শুধু লাইসেন্স বা নিবন্ধন চালু করলেই হবে না; সড়কের ধারণক্ষমতা, যাত্রীদের প্রয়োজন, চালকদের জীবিকা এবং গণপরিবহনের বিকল্প ব্যবস্থা সব বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে নিয়ম বাস্তবায়নে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাজধানীতে রিকশার অনিয়ন্ত্রিত চলাচল কমানোর পাশাপাশি সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর সুযোগ তৈরি হতে পারে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে সুনির্দিষ্ট আইন, বিধিমালা, লাইসেন্সিং প্রক্রিয়া ও অঞ্চলভিত্তিক চলাচলের বিস্তারিত কাঠামো স্পষ্ট করা প্রয়োজন।
সম্পাদক, আব্দুল্লাহ বিন মাসুদ, সহকারী সম্পাদক মোঃ তারেক ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ ওয়াসিম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪০ নং হেমন্ত দাস রোড সূত্রাপুর ঢাকা ১১০০ ফোন: +880 1839-799944 ইমেল : _mukto.bhasa1@gmail.com</p>
Copyright © 2026 দৈনিক মুক্ত ভাষা. All rights reserved.